ডেমরায় ১৪টি ভলভো বাসে আগুনের ঘটনা রহস্যজনক: ফায়ার সার্ভিসের ডিজি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৩ এএম, ২ এপ্রিল,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৮:৪৮ এএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
রাজধানীর ডেমরায় গ্যারেজে দাঁড়িয়ে থাকা লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস আগুনে পুড়ে গেছে। এ ঘটনাকে রহস্যজনক মনে করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেছেন, তদন্ত করে আগুনের সূত্রপাত জানার চেষ্টা চলছে।
সোমবার রাত ৮টা ৫০ মিনিটে ডেমরার ধার্মিক পাড়া এলাকায় গ্যারেজে দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের মহাপরিচালক প্রথম আলোর প্রশ্নের জবাবে ওই বক্তব্য দেন।
পুলিশ জানিয়েছে, গ্যারেজে বাসগুলো পাশাপাশি রাখা ছিল। কীভাবে আগুন লেগেছে, তা জানার চেষ্টা চলছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে ডেকে আনা হয়েছে। তাঁরা আলামত সংগ্রহ করবেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার ইকবাল হোসাইন আলোকে বলেন, এটি দুর্ঘটনা নাকি নাশকতা, সেটা তদন্তের পর বলা যাবে।




