জাতীয় সরকার গঠনের দাবি রাষ্ট্র সংস্কার আন্দোলনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪২ পিএম, ৭ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:৪৭ পিএম, ২৬ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৬
জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা ঊত্থাপন সভায় সংগঠনটির পক্ষ থেকে এই দাবি করা হয়।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম সভাপতির বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের যে রাজনৈতিক সংকট তা মূলত শাসনতান্ত্রিক বা সাংবিধানিক সংকট। ৫০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা এ শিক্ষা দিয়েছে যে, এক দলের বদলে আরেক দল কিংবা এক সরকারকে বদলিয়ে আরেক সরকারকে বসালেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় না।’
সংবিধান সংস্কারের উপায় উল্লেখ করে তিনি বলেন, ‘সংবিধান সংস্কারের সবচেয়ে শান্তিপূর্ণ পথ হচ্ছে- ’৭০ সালের মতো সংবিধান সভার নির্বাচন করে, বর্তমান সংবিধান সংস্কার করা। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের নির্বাচন শুধুমাত্র একটা জাতীয় সরকারের অধীনেই আয়োজন করা সম্ভব।’ এ সময় তিনি জাতীয় সরকার গঠনের দাবিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, রাখাল রাহা, ফরিদুল হক, ইমরান ইমন, দিদারুল ভূঁইয়াসহ প্রমুখ।




