তুরাগে বসতবাড়িতে আগুন, নিহত- ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৭ এএম, ৪ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:০৩ এএম, ১৬ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৬
রাজধানীর তুরাগ থানার চণ্ডালভোগ এলাকার একটি বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজন মারা গেছে।
আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোররাত সাড়ে চারটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তারা হলো মো. জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪)।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, উত্তরার মানিক বস্তি খালপাড়ে সরকারি খাসজমিতে নির্মিত সুরুজ মিয়ার ঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। দুই কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর আগুনে পুড়ে যায়।
আগুন নিয়ন্ত্রণে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করে।
তুরাগ থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সজল কুমার রায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং সেখান থেকেই আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল।




