বনভূমি সংরক্ষণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৩ এএম, ২৯ এপ্রিল,সোমবার,২০২৪ | আপডেট: ০১:০১ পিএম, ১ মার্চ,রবিবার,২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশের বন ও বনভূমি সংরক্ষণে বন বিভাগের কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। দেশের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাষ্ট্র ও জনগণের কল্যাণে নিবেদিত থাকতে হবে। নিজেদের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।
রোববার (২৮ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ৪১তম বিসিএস বন ক্যাডারে নতুন যোগ দেওয়া ৩৪ জন সহকারী বন সংরক্ষকের ওরিয়েন্টেশন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন,
"জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করা বন বিভাগের কর্মকর্তাদের সাংবিধানিক দায়িত্ব। স্মার্ট বাংলাদেশে মেধার মূল্যায়ন করা হবে। সব কর্তব্য সংবিধানের ১৮ক অনুচ্ছেদের চশমা দিয়ে দেখতে হবে। কোনো ধরনের অনিয়ম ও অন্যায় প্রশ্রয় দেবেন না। আইনগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হলে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়"।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপসচিব আবু নইম মোহাম্মদ মারুফ খান।




