ভারতের ট্রানজিট ব্যবহার করে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়াবে ভুটান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৬ পিএম, ১৩ ফেব্রুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৩:১৫ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
শেরপুরের নাকুগাঁওসহ তিনটি স্থলবন্দর দিয়ে চলমান আমদানি-রফতানি কার্যক্রম আরও বাড়াতে চায় ভুটান। ভারতের ট্রানজিট ব্যবহারের অনুমতি পেলেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুইন্ডসিল।
আজ সোমবার দুপুরে নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শনকালে তিনি একথা জানান।
ভুটানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে ভুটানের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত ভালো। সৌহার্দ্যপূর্ণ এ সম্পর্ক আরও গতিশীল করতে বাংলাদেশের তিনটি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু করতে চায় ভুটান।
তিনি আরও বলেন, বাংলাদেশ ভুটানের দ্বিতীয় বাণিজ্যিক পয়েন্ট। বর্তমানে ইন্দো-বাংলাদেশ ও ইন্দো-ভুটান চুক্তি থাকলেও খুব দ্রুততম সময়ের মধ্যে এটি ত্রিদেশীয় চুক্তি হতে যাচ্ছে। স্থলবন্দর পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সঙ্গে ভুটানের মিনিস্টার কাউন্সিলর (বাণিজ্য) কেনচো থিনলে, বাংলাদেশ কাস্টমসের কমিশনার ওয়াহিদা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমেল রিসিল, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক উপস্থিত ছিলেন।




