সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না, এটা দুঃখজনক : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৬ পিএম, ২৪ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১২:৪০ এএম, ১১ জুন,বৃহস্পতিবার,২০২৬
সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে হতাশা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না, এটা দুঃখজনক। বিজিবি ও বিএসএফ তাদের সাধ্যমতো সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে চেষ্টা করছেন।
আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় লালমনিরহাট ও নীলফামারীর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, মহান মুক্তিযুদ্ধে যেসব শহীদদের কবর দেশের বাহিরে রয়েছে, তাদের দেশে এনে কবর দেওয়ার ইচ্ছা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
র্যাবের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (অপস্) কর্নেল কামরুল হাসান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক টি এম মমিন, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল প্রমুখ।




