বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের - সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৩ পিএম, ১১ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৫৯ পিএম, ১ মার্চ,রবিবার,২০২৬
বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের বাহিনী। সুখে-দুঃখে সকল সময়ে দেশের মানুষের পাশে থেকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগ করতে সর্বদা প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। যেকোনো দুর্যোগে আমরা আমাদের সামর্থের মধ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, সারাদেশে আমরা ১ লাখ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি, চিকিৎসা সেবা দিয়েছি। পাশাপাশি গবাদি পশুরও চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীরও সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। সেনাপ্রধান এর আগে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন। এছাড়াও স্থানীয় জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদানের জন্য পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। অনুষ্ঠানে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




