বিশ্ব চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি জয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৪৭ পিএম, ১৭ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৮:৪৯ এএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভারতের কলকাতার নন্দনে প্রথমবারের মতো হতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। যেখানে প্রধান অতিথি করা হয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে।
জানা যায়, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া ‘বিশ্ব চলচ্চিত্র উৎসবের’ আয়োজক। আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক সংস্থা ‘ফিপরেসি’এ আয়োজনের সহ-আয়োজক। জয়া আহসান প্রধান অতিথি হলেও উৎসব উদ্বোধন করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি ও পরিচালক কিরণ সান্তারাম।
প্রথমবারের এই চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী সিনেমা প্রদর্শিত হবে বাংলাদেশের মোহাম্মদ রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নাই’। এ ছাড়াও সেখানে প্রদর্শিত হবে বাংলাদেশের নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, মাসুদ পথিকের ‘মায়া’, অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ ও সুবর্ণ সেঁজুতি তুষীর স্বল্পদৈর্ঘ্য ছবি ‘রিপলস’। উৎসবে থাকবে আন্তর্জাতিক বিভাগের ৯টি সিনেমা। এর মধ্যে রয়েছে মিসর, ইকুয়েডর, কাজাখস্তান, ব্রাজিল, পর্তুগাল, নেপাল ও ইরানের সিনেমা।
উদ্বোধনী অনুষ্ঠানে জয়া আহসান ছাড়াও বাংলাদেশের পরিচালক আবু সাইয়িদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিও উপস্থিত থাকবেন। এ ছাড়া থাকবেন ফিপরেসির সভাপতি ভি কে যোসেফ, পরিচালক অতনু ঘোষ ও অভিনেত্রী গার্গি রায় চৌধুরী।
২৩ সেপ্টেম্বর ঢাকার হলে মুক্তি পাবে জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’। মাহমুদ দিদারের এই ছবির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। তবে ছবিটি মুক্তির ঠিক আগেই অভিনেত্রীকে ঘুরে আসতে হবে ওপার বাংলা থেকে।




