সিরাজগঞ্জে স্কুলছাত্র হত্যায় দুজনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০২ পিএম, ৫ মার্চ,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৪:১০ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
সিরাজগঞ্জে স্কুলছাত্র আরমান শেখকে (১০) অপহরণ করে হত্যার ঘটনায় আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। নিহত আরমান শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের মোকাদ্দেস সরকারের ছেলে।
সোমবার (৪ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক শেখ মো. নাসিরুল হক এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া মহল্লার আলী আকবরের স্ত্রী রাশিদা খাতুন ও ফরিদুল ইসলামের ছেলে ওবায়দুল। আসামিরা পলাতক রয়েছে।
আদালতের সহকারী সরকারি কৌঁশলি (এপিপি) আনোয়ার পারভেজ লিমন ও এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩ অক্টোবর অপহরণের পর শিশু আরমান শেখকে অপহরণ করা হয়। ১০ অক্টোবর বিকেলে শিশু আরমানের মাথার খুলি, হাত-পায়ের হাড় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় করা মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ২৫ জানুয়ারি রাশিদা খাতুন ও ওবায়দুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলা চলাকালে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য প্রমাণ শেষে এদিন রাশিদা খাতুন ও ওবায়দুলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।




