রাঙামাটিতে রহস্যজনক বিস্ফোরণে বাবা-ছেলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৭ এএম, ৯ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ১১:২৪ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাদশা মিয়া টিলা নামক এলাকায় রহস্যজনক বিস্ফোরণে বাবা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় মা মোছা. সখিনা বেগম (৩৫) গুরুতর আহত হয়েছে।
গতকাল রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- মো. ইসমাইল মিয়া (৪৫) ও তাঁর ছেলে মো. রিফাত (০৭)।
বিষয়টি নিশ্চিত করে ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন বাদশা মাঝির টিলায় রহস্যজনক বিস্ফোরণে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এছাড়া বাড়ির গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। তবে বিস্ফোরণটি কোথা থেকে হয়েছে সেটি এখনো নিশ্চিত করা যায়নি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাপ্তাই থানার ওসি মো. জসীম উদ্দীন। তিনি জানান, ঠিক কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সেনাবাহিনীর একটি বিস্ফোরক টিম আসছে। তারা আসার পর পরীক্ষা করে বিস্তারিত বলা যাবে বলে তিনি জানান।
এ বিষয়ে কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে কিছু বিস্ফোরক দ্রব্যের আলামত পেয়েছেন। এতে ধারণা করা হচ্ছে, ঘটনায় নিহত লোকটি নৌকা নিয়ে সেনাবাহিনীর অস্ত্র মহড়া চলে এমন জায়গাতে গিয়েছিল। সেখান থেকে লোহা ভেবে কিছু বস্তু কুড়িয়ে এনেছিল। যেগুলো আজকে বিস্ফোরিত হয়েছে। সেখানে কিছু ওই লোহার অংশ পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের তদন্ত টিম আসবে। তারা আসলে বিস্তারিত বলা যাবে।
কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, এই বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলেকে হাসাপাতালে আনার পূর্বের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।




