লালপুরে অটো ও মহিষের গাড়ির সংঘর্ষে নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২১ এএম, ২২ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:০০ এএম, ২১ জুলাই,মঙ্গলবার,২০২৬
নাটোরের লালপুরে ব্যাটারী চালিত অটো ও মহিষের গাড়ির মধ্যে সংঘর্ষে অটোর যাত্রী সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে এবং অপর তিন যাত্রী আহত হয়েছেন।
গতকাল সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা রাতের দিকে উপজেলার গোপালপুর-বনপাড়া সড়কের ভূইয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন উপজেলার ইসলামপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন সহ অন্যরা গোপালপুর বাজার থেকে অটো চার্জার ভ্যানে করে বাড়ি ফেরার পথে ভূইয়াপাড়া নামক স্থানে পৌছালে ভ্যানটি মহিষের গাড়ির সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে অটোতে থাকা যাত্রীরা রাস্তার উপর সিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। এসময় স্থানীয় লোকজন আহত সাদ্দাম হোসেন কে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বাকি তিন জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহত সাদ্দাম হোসেনর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




