সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৮ এএম, ১৫ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:৫৩ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছে।
আজ শুক্রবার (১৫ জুলাই) ভোর ৫টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় বড়বিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিকআপের চালক নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার দত্তকানাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে কিরণ মৃধা (২৮) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনির মৃত দুলু শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৪৭)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নাটোর থেকে মহিষলুটি মৎস্য আরতে মাছ বিক্রির জন্য আসার সময় মহিষলুটি এলাকার বড়বিল নামক স্থানে পিকআপ নষ্ট হলে চালক কিরণ মৃধা গাড়ি মেরামতের জন্য জাহাঙ্গীর আলমকে ডেকে নেন। দু‘জনে মিলে মহাসড়কের পাশে গাড়ি মেরামত করছিলেন। এ সময় ট্রাক তাদের দু’জনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লুৎফর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। পরে লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।




