রূপগঞ্জে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোয় নাঈম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৫ পিএম, ৯ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৩৬ পিএম, ২ মার্চ,সোমবার,২০২৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে গুজব ছড়ানোর দায়ে নাঈম খান নামে এক যুবককে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গতকাল বুধবার (৮ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের হাবিবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।নাঈম খান ওই এলাকার সুলপিনা গ্রামের নুর ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (৯ জুন) সকালে রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ এফ এম সায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (৭ জুন) বিকেলে ফেসবুকে আইডিয়াল নাঈম নামে একটি আইডি থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে স্ট্যাটাস দেওয়া হয়।
তিনি আরও বলেন, ফেসবুক স্ট্যাটাসটিতে প্রধানমন্ত্রী, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ছবিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিদের ছবি ব্যবহার করা হয়। তবে এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




