পুঠিয়ায় পুলিশ সদস্যকে ছাত্রলীগ নেতার কিল-ঘুষি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৫ পিএম, ৭ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:৪৮ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
পুঠিয়ার বানেশ্বর সরকারি কলেজ গেটে পুলিশের উপর আকস্মিক হামলা করেছে জান্নাতুন নাঈম (২৪) নামের এক ছাত্রলীগ নেতা। এতে রাজশাহী জেলা পুলিশের সদস্য আতিকুর রহমান আহত হয়েছেন। নাঈম বানেশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং বানেশ্বর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে সভাপতি পদপ্রার্থী।
গতকাল সোমবার (৬ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ নাঈমকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা গেছে, বানেশ্বর কলেজ মাঠে নিয়মিত আমের হাট বসে। কলেজ গেটে নাঈমের বাবার আম বহনকারী ভুটভুটির সঙ্গে অপর একটি ইজিবাইকের ধাক্কা লাগায় নাঈমের বাবা আহত হয়। এ সময় জেলা পুলিশের একটি দল সেখানে টহলরত ছিল।
ঘটনাস্থলে পুলিশ সদস্য আতিকুর রহমান গিয়ে আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলতেই নাঈম পুলিশ সদস্যেকে কিল ঘুষি ও লাথি মারেন। এতে পুলিশ সদস্য আতিকুর রহমান মুখে ও মাথায় আঘাত পান। তিনি রাজশাহী জেলা পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় সন্ধ্যার পর এসআই সুজন চন্দ্র সাহা বাদী হয়ে নাঈম ও তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানান এ কর্মকর্তা।




