না’গঞ্জের মদনপুর হতে যাত্রীবেশী ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৪ পিএম, ৯ মে,সোমবার,২০২২ | আপডেট: ১১:০৭ এএম, ২০ এপ্রিল,সোমবার,২০২৬
র্যাব-১১ আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর বাসষ্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গণপরিবহনের যাত্রী সেজে কোমরে গামছায় পেঁচিয়ে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ আতাউল (৩২) ও শামসুল আলম (৪৮)। এ সময় তাদের হেফাজত হতে আনুমানিক ১৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সাড়ে ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ আতাউল কক্সবাজার জেলার রামু থানাধীন জামুচপাড়া এলাকার মৃত আজিজুর রহমান এর ছেলে এবং অপর আসামী শামসুল আলম কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন পালাকাটা এলাকার মৃত মকবুল আহম্মেদ এর ছেলে। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে এবং বিভিন্ন গণপরিবহনের সাধারণ যাত্রীবেশে অভিনব কৌশলে কক্সবাজার হতে পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




