কুমিল্লায় বগি লাইনচ্যুত, ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৭ এএম, ৯ মে,সোমবার,২০২২ | আপডেট: ১০:১৪ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
কুমিল্লার বুড়িচংয়ে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
আজ সোমবার (৯ মে) ভোর ৪টার দিকে উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকুল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে এবং শশিদল স্টেশনে তুর্ণানিশিতা এক্সপ্রেস আটকা পড়েছে।
কুমিল্লা রেলওয়ে কর্মকর্তা মো. লিয়াকত আলী মজুমদার এ তথ্য নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন ভোর ৪টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌছলে তিনটি বগি লাইনচ্যুত হয়।
খবর পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইতি মধ্যে একটি ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে বলে তিনি জানান।




