তারেক রহমান বিএনপির জন্য অভিশাপ : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১০ পিএম, ৪ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ১০:৪১ পিএম, ২৮ ফেব্রুয়ারী,শনিবার,২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলটির জন্য ‘অভিশাপ’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, সে (তারেক) যত দিন বিএনপির নেতৃত্বে থাকবে ততদিন বিএনপি সঠিক পথে আসবে না। দলটি ভুলের চোরাবালিতেই আটকে থাকবে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালনের প্রস্তুতি ও খুলনা বিভাগীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, লন্ডন থেকে যার হুকুমে বিএনপি চলে তার (তারেক) ফ্রি স্টাইল নেতৃত্ব এখন বিএনপি নেতাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। তারা বুঝতে শুরু করেছেন তারেক রহমান যতদিন নেতৃত্বে আছে ততদিন বিএনপি ভুলের চোরাবালিতে আটকে আছে। এখান থেকে তারা আর বের হতে পারবে না।




