পল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৮ এএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১০:২২ এএম, ২৮ ফেব্রুয়ারী,শনিবার,২০২৬
রাজধানীর মিরপুরসহ সারাদেশে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে নয়াপল্টনে সমাবেশ শুরু করেছে বিএনপি।
আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) তিনটায় এ সমাবেশ শুরু হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। ইতোমধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন। সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাইকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত সড়কের দক্ষিণ সাইডে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিকেল পৌনে ৩টা নাগাদ মঞ্চে উপস্থিত হয়েছেন- মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি নেতা রফিকুল আলম মজনু, আমিনুল হক, আবদুস সালাম আজাদ, মোস্তাফিজুর রহমান সেগুন, নবী উল্লাহ নবী, হাবিবুর রশীদ হাবিব, ইকবাল হোসেন শ্যামল, যুবদল নেতা সুলতান সালাউদ্দীন টুকু, মোনায়েম মুন্না, মামুন হাসান, এসএম জাহাঙ্গীর, শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহীন প্রমুখ।




