‘আয়নাঘর’ নিয়ে নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের প্রতি মান্নার আহবান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৫ পিএম, ১৭ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৪৭ পিএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
সম্প্রতি অনলাইন পোর্টাল নেত্র নিউজের তথ্যচিত্র ‘আয়নাঘর’ নিয়ে নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মান্না বলেন, অবৈধ ক্ষমতাসীন সরকার এই রাষ্ট্রকে একটি প্রাতিষ্ঠানিক সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে।
আজ বুধবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
মান্না বলেন, ২০১৫ সালে আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গিয়ে প্রায় ৪০ ঘন্টা গুম করে রাখা হয়। চোখ বেঁধে কোন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। ওই সময়টাতে আমিও পাশের ঘরগুলো থেকে চিৎকারের শব্দ শুনেছি৷ আমাকেও কি আয়নাঘরের মত কোন জায়গায় রাখা হয়েছিল? এই সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকান্ডের মাধ্যমে ভয়ংকর মানবাধিকার লঙ্ঘন করেছে। আমি অনতিবিলম্বে তথাকথিত আয়নাঘরের বন্দিসহ গুম হওয়া সকল নাগরিককে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি। জাতিসংঘের প্রতি নিরপেক্ষ তদন্তের আহবান জানিয়ে মান্না বলেন, অবিলম্বে বাংলাদেশে সংঘটিত সকল গুমের আন্তর্জাতিক তদন্ত হওয়া জরুরি। এই সরকার দেশের জনগণের মানবাধিকার সম্পূর্ণভাবে হরণ করেছে। বিরোধী শক্তিকে দমন করতে তারা জনগণের টাকায় আয়নাঘরের মত ‘নির্যাতন সেল’ তৈরি করে সেখানে দেশের জনগণের উপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা–কর্মীদের অপহরণ ও গুম করেছে, সেটা এই তথ্যচিত্রে প্রমাণিত।
গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন, ‘নেত্র নিউজে বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থা পরিচালিত নির্যাতন সেল আয়নাঘরে রাজনৈতিক নেতা–কর্মীদের নির্যাতনের যে ভয়ংকর চিত্র প্রকাশিত হয়েছে, তাতে নাগরিক ঐক্য গভীর উদ্বেগ প্রকাশ করছে।’ আমি এই তথ্যচিত্র এবং নির্যাতন সেল সম্পর্কে সরকারকে জবাব দেয়ার দাবি জানাচ্ছি। সেইসাথে দেশের জনগণের মানবাধিকার লঙ্ঘনের অপরাধে অবৈধ ক্ষমতাসীন নিষ্ঠুর সরকারের পদত্যাগ দাবি করছি।




