জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৭ পিএম, ১২ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:০২ পিএম, ২৪ জুলাই,শুক্রবার,২০২৬
গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তারের ছয়দিন পর জামিন পেলেন বিএনপি নেতা ও ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
আজ মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর মতিঝিল থানায় নাশকতার মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত।
আশা করা যাচ্ছে, আজকেই তিনি কারাগার থেকে মুক্তি পেতে পারেন। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
এর আগে, গত ৬ এপ্রিল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণ করার সময় তাকে গ্রেফতার করা হয়। জাতীয় শ্রমিক দল এই কর্মসূচির আয়োজন করেছিল। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে তুলে নেয়।
মতিঝিল থানার ডিউটি অফিসার ও পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ২০২০ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইশরাক হোসেন।
উল্লেখ্য, গত ৬ই এপ্রিল রাজধানীর মতিঝিল এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা লিফলেট বিতরণ কর্মসূচি থেকে ইশরাককে আটক করে পুলিশ। পরে গাড়ি পোড়ানোর পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।




