নরসিংদীতে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ নেতা খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৫ পিএম, ১২ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:১৫ এএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তদের হামলায় মো. নাঈম মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন টুটুল (১৮) নামে তার এক সহযোগী।
গতকাল সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এই হত্যার ঘটনা ঘটেছে।
নিহত নাঈম মিয়া শিবপুরের ধানুয়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদ শিবপুর পৌর শাখার সভাপতি। তিনি পরিবারের সাথে উপজেলা সদরের ডাকবাংলো এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।
নিহত নাঈমের পরিবার জানায়, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বন্ধুদের সঙ্গে ইফতার করতে যায় নাঈম। এসময় সেখানে কয়েকজনের সাথে তার তর্কবির্তক হয় এবং তাদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটে। পরে ইফতার শেষে নাঈম ও তার সহযোগী টুটুল বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। দুইজনকে এলোপাতাড়ি কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহতাবস্থায় একই এলাকার হাসিম মিয়ার ছেলে টুটুলকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঠিক কী কারণে কে বা কারা এই হত্যার ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।




