গণধর্ষণের অভিযোগে গোপালগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১০ পিএম, ১৮ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:৪১ এএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম কাজীকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার প্রভাকরদী গ্রামের মোসারফ কাজীর ছেলে। পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে আজ শুক্রবার আদালতে পাঠিয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ছাত্রলীগ নেতা নাঈম কাজী গত ২১ জানুয়ারি ওই তরুণীকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে ধর্ষণ করেন। পরে তরুণীর বাবা ছাত্রলীগ নেতা নাঈমকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতে একটি মামলা করেন। এরপর পুলিশ বৃহস্পতিবার রাতে মুকসুদপুর সদর থেকে নাইম কাজীকে গ্রেফতার করে।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার আমিনুর রহমান জানান, এ ব্যাপারে থানায়ও একটি মামলা দায়ের হয়েছে। পরে ছাত্রলীগ নেতা নাইমকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল টেস্টের জন্য গোপালগঞ্জ মেডিকেল পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা জানান, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম কাজীর ধর্ষণের বিষয়টা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’




