৯৪ বার পেছাল সাগর-রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৩ এএম, ১ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৪৬ পিএম, ২৬ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৬
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছানো হয়েছে। এ নিয়ে ৯৪ বার পেছাল।
আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) র্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদুল আলম আগামী ৪ জানুয়ারি নতুন দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতিকে রাজধানীর নিজবাসায় হত্যা করা হয়। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দু’মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়।
পরে হাইকোর্টের নির্দেশে একই বছর ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়।




