পানামায় বাস দুর্ঘটনায় ৩৯ জনের প্রাণহানি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:২০ এএম, ১৬ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০১:০৩ এএম, ৪ মার্চ,
বুধবার,২০২৬
মধ্য-আমেরিকার দেশ পানামায় অভিবাসীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ৩৯ জনের প্রাণহানি ঘটেছে।
গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে।
পানামার অভিবাসন কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেছেন, ৬৬ জন অভিবাসীকে বহনকারী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে পড়ে গেছে। এতে ওই বাসের কমপক্ষে ৩৯ আরোহী মারা গেছে।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, গুয়ালাকা জেলায় বাস দুর্ঘটনা ৩৯ অভিবাসীর প্রাণহানি ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। পানামার পশ্চিমের উপকূলীয় প্রদেশ চিরিকিতে অবস্থিত একটি আশ্রয়কেন্দ্রের দিকে অভিবাসীদের নিয়ে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
পানামার সামাজিক নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ২০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
পানামার প্রেসিডেন্ট লরেন্তিনো কোর্তিজো টুইটারে দেয়া এক বার্তায় বলেছেন, ‘পানামা সরকার বাস দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সেবা দিচ্ছে।’




