কঙ্গোতে নৌকা ডুবে ১৪৫ জনের মৃত্যুর আশঙ্কা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:২৫ পিএম, ২০ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ১১:৪৩ এএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলের ইকুয়েটার প্রদেশের একটি নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৪৫ জন নিখোঁজ রয়েছেন। তাদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান। আনাদোলু নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। কর্মকর্তাদের ধারণা, অতিরিক্ত যাত্রী, পণ্য ও পশু বোঝাইয়ের কারণে নৌকাটি উল্টে গিয়ে ডুবে যেতে পারে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবেশী রিপাবলিকান অব কঙ্গোর উদ্দেশে রওনা হওয়ার পর গত মঙ্গলবার রাতে বাসানকুসু শহরের কাছে লুলঙ্গা নদীতে ডুবে যায় নৌকাটি। ঘটনার পর অন্তত ৫৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী পক্ষগুলোর প্রেসিডেন্ট জ্যাঁ-পিয়েরে ওয়াঙ্গেলা সাংবাদিকদের জানান, নৌকাটিতে ২০০ জনের মতো যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের এভাবে গাদাগাদি করে পার হওয়া ছাড়া কোনো বিকল্পও নেই।




