টেক্সাসে হামলার ঘটনায় যুক্তরাজ্যে আটক ২
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:০৬ পিএম, ১৭ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৮:৩৮ এএম, ১৭ এপ্রিল,শুক্রবার,২০২৬
যুক্তরাষ্ট্রে টেক্সাস অঙ্গরাজ্যের কলিভিল শহরের সিনাগগে (ইহুদি উপাসনালয়) কয়েক ঘণ্টাব্যাপী চলা জিম্মি কাণ্ডের ঘটনা তদন্ত শুরু হয়েছে। এতে যুক্ত থাকার সন্দেহে যুক্তরাজ্য থেকে দুই জনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় যুক্তরাজ্যে ম্যানচেস্টার থেকে তাদের আটক করা হয়। তবে আটককৃতদের নাম ও বয়স সম্পর্কে কোনো কিছু জানাতে রাজি হয়নি কর্মকর্তারা।
এর আগে শনিবার (১৫ জানুয়ারি) কলিভিল শহরের এক ব্যক্তি সিনাগগে ঢুকে যাজকসহ চার ব্যক্তিকে ১০ ঘণ্টা জিম্মি করে রাখেন। পরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের অভিযানের মধ্য দিয়ে ঘটনার অবসান ঘটে। এ ঘটনায় জিম্মিকারী মালিক ফয়সাল আকরাম নিহত হন। জানা গেছে, জিম্মিকারী একজন ব্রিটিশ নাগরিক। তার বাড়ি ল্যাঙ্কাশায়ারের ব্ল্যাকবার্ন শহরে।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, তারা স্থানীয় লোকজনের সঙ্গে যোগাযোগ করছে এবং মার্কিন তদন্তে সব ধরনের সহায়তা অব্যাহত রেখেছে। হামলার ওই ঘটনায় চলমান তদন্তের অংশ হিসেবে দুইজনকে আটক করা হয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে রাখা হয়েছে।
মার্কিন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আকরাম দুই সপ্তাহ আগে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।
এদিকে ব্ল্যাকবার্ন মুসলিম কমিউনিটির ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে নিহত আকরামের ভাই গুলবার ক্ষতিগ্রস্থদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, তার ভাই অনেকদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।




